ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কোনো দলের হয়ে তিন বছরের সদস্য হওয়ার বাধ্য-বাধকতার বিধান বিলুপ্ত করা হয়েছে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ব্যক্তি যে কোনো দলে যোগ দিয়েই নির্বাচনে দলীয় প্রার্থী হতে পারবেন।
রবিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদনটি তোলেন সংসদীয় কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া। সংশোধনীসহ চলতি অধিবেশনেই বিলটি পাসের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৩’ নামের ওই বিলটি সংসদে উত্থাপন করেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পরে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়।
সংসদে তোলা প্রতিবেদনে বলা হয়েছে, ‘(অ) সাব-কোলাজ (জে) বিলুপ্ত হইবে’। আরপিওর ওই ধারায় প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কে বলা আছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে পূর্ববর্তী ৩ বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন সদস্যপদ না থাকলে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়।
এতে আরও বলা হয়েছে, ২০০৮ সালের নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে আরপিও সংশোধন করে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আইনটি সংসদে অনুমোদন পায়। নির্বাচনের আগে রাজনৈতিক দলে ভাঙন, নেতাদের দলবদল ও কালোটাকার দৌরাত্ম্য ঠেকাতে এবং অরাজনৈতিক ব্যক্তি বা ব্যবসায়ীদের প্রার্থী হওয়া রোধ করতে আরপিওতে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়।




