বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে দেশকে ভালো রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, তখন আমরা সাশ্রয়ী হচ্ছি। এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি। লুটপাট তো বিএনপি করেছে। আমি দেখেছি- বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। সেটাই করবো।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি অবৈধভাবে দেশ বিক্রির জন্যই ক্ষমতায় আসে। বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে এক নম্বরে ছিল। বিএনপির আমলে মানুষের ভোটের অধিকারই ছিল না। এখন তাদের কাছ থেকে নীতি কথা শুনতে হয়। যারা দেশটাকে সন্ত্রাসের দেশ, জঙ্গিবাদের দেশ, বাংলা ভাইয়ের দেশ বানিয়েছিল। তারা দেশের টাকা পাচার করেছিল। সেই টাকা আমরা ফিরে এনেছি। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে সোমবার (১ আগস্ট) কৃষকলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর মতো অসহযোগ আন্দোলন থেকে পৃথিবীর কোনো নেতা করতে পারেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের জন্য কাজ করেছেন। তার জীবনে ক্ষমতার কোনো লোভ ছিল না। তিনি দেশের মানুষের জন্য আত্মত্যাগের নজির রেখে গেছেন।




