বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপ৯৯টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

৯৯টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ঢাকাসহ দেশের ৯৯টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৭ জুলাই রাজধানীর কদমতলী থানার মিরাজ নগর বাজারসহ দেশের ৪৮টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনাকালে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (কার্যক্রম) তাহমিনা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।

এতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৩ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসব বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৮ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণ এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় সংশ্লিষ্টদের।

অন্যদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে নিরীক্ষার মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ছয় অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৩ হাজার টাকা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প-বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

আরও পড়ুন

সর্বশেষ