উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোয় ২৯ আগস্ট সকাল ১০টায় পরীক্ষামূলক কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকাকে যানজটমুক্ত করে নগরবাসীকে একরাশ স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রোরেল যা রোববার অনেকটাই বাস্তবে রূপ নিয়েছে। প্রথবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল হয়েছে মেট্রোরেল। এর আগে শুক্রবার ৬টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক-পরীক্ষামূলক যাত্রা করে মেট্রোরেল।
প্রথমেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেন। বেলা পৌনে ১২টায় কোচ আনলোডিং এরিয়া থেকে এ পতাকা নাড়েন তিনি। সংকেত পেয়ে হুইসেল বাজিয়ে মেট্রোরেল লাইন-৬ এর ওপর দিয়ে ট্রেনটি হাজির হয় কোচ আনলোডিং এরিয়ায়। এর কিছুক্ষণ পর আবার ও হুইসেল ভায়াডাকট এরিয়ায় উঠে পল্লবীর উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। পরীক্ষামূলক কার্যক্রমের জন্য এদিন মেট্রোরেল ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চালানো হয় বলে জানান ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।




