শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়২৪ অক্টোবরের পর দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার বিএনপির...

২৪ অক্টোবরের পর দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার বিএনপির আহ্বান

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চললে সংবিধান লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এই তারিখের পর দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বানও জানান তিনি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ফ্রি-থিংকারস ফোরাম নামের একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে রফিক বলেন, ২৪ অক্টোবরের পর যদি কোনো সরকার থাকে, সেটি হবে নির্বাচনকালীন সরকার। এসময় কোনোভাবেই সংসদ চলতে পারে না। যদি সংসদ চালানো হয়, তাহলে তা হবে সংবিধান লঙ্ঘন।  তিনি বলেন, এটি সরকার নিজেদের ক্ষমতায় থাকার লোভে করতে পারে। ২৪ তারিখের পরে সবাই রাজপথে নেমে আসুন, দাবি আদায়ের আগে রাজপথ ছাড়বেন না।

ব্যারিস্টার রফিক বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সরকারি কর্মকর্তা হিসেবে যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, তাহলে কেন আজকের কর্মকর্তা-কর্মচারীরা করতে পারবে না।  মহীউদ্দীন খান আলমগীরকে বৈধ এমপি মানতেও নারাজ রফিক। তিনি বলেন, ওই আসনে মিলনই এমপি।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর দাবিতে রফিক বলেন, তত্ত্বাবধায়ক চাই গণতন্ত্র রক্ষায়। আমরা বলছি না, খালেদা তত্ত্বাবধায়কের অধীনে ক্ষমতায় আসবেন। তিনি ক্ষমতায় আসবেন জনগণের ভোটে। এজন্যই তত্ত্বাবধায়ক সরকার চাই।

‘বিএনপি ক্ষমতায় এলে সবাইকে মেরে ফেলবে’- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের এমন মন্তব্যের জবাবে রফিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবাইকে মেরে ফেলবে বলে দেশকে ধ্বংস করতে গৃহযুদ্ধের আহ্বান করছে তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনায় রফিক বলেন, এরা লুণ্ঠনকারী। তাদের ক্ষমতায় বসাবেন না।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ