শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদ পূজায় বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে থাকবে রাজধানী

ঈদ পূজায় বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে থাকবে রাজধানী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রোববার মধ্যরাত থেকে ঈদের পরবর্তী ৩দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে রাজধানী। নগরীর ৪৭টি থানা পুলিশ ছাড়াও র‌্যাব পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তিন শতাধিক টিম নগরীর ৪৫০টি পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশপাশি রাজধানীর প্রতিটি গলির প্রবেশ মুখে থাকবে সাদা পোষাকধারী পুলিশ ও র‌্যাবের সদস্যরা। এদের সহায়তা করবে কমিউনিটি পুলিশের স্থানীয় সদস্যরা।

সোমবার থেকে শুরু হবে টানা ৬দিনের ছুটি। গত ঈদুল ফিতরের ত্যাক্ত অভিজ্ঞতায় ইতিমধ্যেই গ্রামমুখী হয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। ঈদের আগের রাত পর্যন্ত থাকবে ঘরে ফেরার তোড়জোর। প্রায় অর্ধকোটিরও বেশি মানুষ নারীর টানে গ্রামের বাড়িতে ফিরে যাবেন স্বজনদের সঙ্গে কোরবানি ও ঈদের আনন্দ উপভোগ করতে। এসময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়বে।

এছাড়া শারদীয় দুর্গাপূজার কারণে হিন্দু সম্প্রদায়ের অর্ধ লক্ষাধিক মানুষ দু’দিন আগেই চিরচেনা নিজ গ্রামে ফিরে গেছেন পূজার আনন্দ উপভোগ করতে। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও আবাসিক বাড়িতে চুরি-ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখেই নগরীতে এবার অধিকতর নিরাপত্তা জোরদার করা হবে।

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকারিপোর্টটোয়েন্টিফোর.কমকে জানান, ডিএমপির প্রতিটি জোনের উপ কমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ছুটির জন্য গৃহীত নিরাপত্তা কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মোটর সাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে চালানো হচ্ছে তল্লাশি। এছাড়া সংশ্লিষ্ট থানা এলাকায় সন্দেহভাজনদের ওপর নজরদারি করছে পুলিশ।

ঈদ ও পূজার ছুটিতে ফাঁকা ঢাকা মহানগরীর পুলিশি তৎপরতার ব্যাপারে ডিএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার মাসুদুর রহমান জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন স্থানে ভিডিও ক্যামেরা নিয়ে টহল দিবে।

পুরো মহানগরীকে আনা হচ্ছে অধিকতর নিরাপত্তার আওতায়। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের বিশেষ শাখা (এসবি), সিআইডি ও র‌্যাবের গোয়েন্দা ইউনিট সম্মিলিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন

সর্বশেষ