বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে করোনা মনিটরিংয়ের দায়িত্বে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল

চট্টগ্রামে করোনা মনিটরিংয়ের দায়িত্বে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল

করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ে চট্টগ্রামে দায়িত্ব পেয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬৪ জেলার জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে সমন্বয় করে একটি করে জেলার দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে। এতে চট্টগ্রামের সন্তান মোস্তাফা কামাল উদ্দীন পেয়েছেন চট্টগ্রামের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব।

মোস্তাফা কামাল উদ্দনের বাড়ি আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর গ্রামে এবং তিনি আনোয়ারা সমিতি, ঢাকার উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফা কামাল প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স পাশ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, `নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।

দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/ বিভাগ/ দফতর/ সংস্থার উপযুক্তসংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে লিখিতভাবে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

এর আগে সকালে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সচিববৃন্দ রয়েছেন, যেহেতু এখন মন্ত্রণালয়ের কাজগুলো অনেকটা সীমিত হয়ে গেছে, তাই একেকটা জেলায় একেকজন সচিবকে দায়িত্ব দিয়েছি, ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষার কাজগুলো যথাযথভাবে হচ্ছে কিনা, তারা সে সব জেলায় খোঁজখবর নেবেন এবং সেই রিপোর্টটা আমাকে দেবেন। এরপর বিকেলে সচিবদের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম জেলায় দায়িত্বপ্রাপ্ত মোস্তাফা কামাল উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৬ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন। তাঁর বর্ণিল কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

এর পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য,আইসিটি বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নির্বাহী পরিচালক,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে সুনামের সাথে নিয়োজিত ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সালে আইসিটি বিভাগের মহাপরিচালক থাকাকালীন সময়ে তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ২০ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দশজন। এছাড়া কর্মহীন ও দুস্থ মানুষকে দেয়া ত্রাণ বিতরণে নানা অনিয়মের খবর শোনা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ