ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মিডিয়াপাড়ায় সম্পর্কের উত্থান-পতন কিংবা বিয়ের ভাঙন-গড়নের খবর নতুন নয়। আর তারকা খ্যাতির মোহে স্বামী বা স্ত্রীকে ত্যাগ করার ঐতিহ্য তো আরও পুরনো। তবে পেশাগত জীবনের আড়ালে এসব কেচ্ছা কাহিনি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না কেউই। গত কয়েক মাস ধরে সুপার হিরোইন লামিয়া মিমোও তার ব্যক্তিগত এ বিষয়টিকে যথাসাধ্য চেষ্টা করেছেন আড়াল করার। কিন্তু পারেননি। অবশেষে নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে সোজাসাপ্টা কথা বললেন মিমো।
বিনোদন সাংবাদিক ও নাট্যকার এমএস রানাকে ২০১১ সালের শেষের দিকে ভালোবেসে বিয়ে করেন মিমো। তবে মাত্র দু’বছরের সংসার জীবনেই দাম্পত্য কলহ এবং অশান্তি সংঘাতের মুখরোচক গুঞ্জনের জন্ম দেন এই দম্পতি। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল সাংবাদিক স্বামীকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা স্ত্রী। কিন্তু এ বিষয়ে মুখে তালা দিয়েছিলেন দু’জনেই, তাই সত্যতা যাচাই সম্ভব হয়নি। অবশেষে বিবাহ বিচ্ছেদ নিয়ে সোজাসাপ্টা কথা বললেন মিমো। মাইনুল হোসেন খোকনের পরিচালনায় এশিয়ান টিভির ঈদের ধারাবাহিক প্রেম সংঘাত-এর শুটিং চলাকালীন স্বামী ও সংসার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো এখন আর রানার সঙ্গে থাকি না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ, তা নিয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন মিমো। তবে তার গাড়িতে এখনও সাংবাদিক প্ল্যাকার্ড লাগানো-কারণ জানতে চাইলে কিছুটা বিব্রত মিমো হেসে বলেন, রাত-বিরাতে গাড়ি নিয়ে বেরুলে সাংবাদিকের গাড়ি বলে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যায়!




