শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেন, তিনটি আসনের উপ-নির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ, আর ভোট গ্রহণ হবে ২১ মার্চ। সরকারি দলের ইউনূস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা- ৩, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসন শূন্য হয়। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে যে ক’জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন, তাদের মধ্যে আলোচনায় রয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। আর বাগেরহাট-৪ আসনটির উপ-নির্বাচনে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত আইজিপি অধ্যাপক আব্দুর রহিম খান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ।




