ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে কলঙ্ক মোচনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করছে বিশিষ্টজনরা।
সাকার রায়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। মানুষ এ রায়ের প্রত্যাশায় ছিল। এ রায়ের মাধ্যমে ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পেয়েছে। তাদের সন্তানরা পেয়েছে ন্যায় বিচার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে এ বিচার শুরু করেছেন। তিনি ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, সাকার ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায়ের মাধ্যমে দেশ আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। এর মাধ্যমে জাতি কলঙ্ক মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকেই বিএনপি-জামায়ত ষড়যন্ত্র শুরু করেছে। আমি দেশবাসী ও দলের নেতাকর্মীদের তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সাকার ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। রায়ের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। এই রায়ে দেশবাসীর সঙ্গে আমরাও খুশি।’
রাশেদ খান মেনন এমপি বলেন, ‘সাকার ফাঁসির রায়ে আমরা সন্তুষ্ট। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি আশা করবো এই রায় যেন শিগগিরই বাস্তবায়ন হয়।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। বিচারক ও আদালতকে অভিনন্দন জানাই। বাকিদের বিচারও যথাসময়ে শেষ করা হবে আশা করি।



