চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই রাত পৌনে ১১টার দিকে নগরের চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী মো. সিরাজ উল্লাহর বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে। এদিকে গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। যদিও ছাত্রদলের নতুন কোনো কমিটি এখনো গঠন হয়নি ।




