শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাদ দিতে সরকারকে হুঁশিয়ার

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাদ দিতে সরকারকে হুঁশিয়ার

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাদ দিতে সরকারকে হুঁশিয়ার করে দীগরাজে ‘সুন্দরবন ঘোষণার’ মধ্য দিয়ে শেষ হলো তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ।

 ঢাকা থেকে মঙ্গলবার যাত্রা শুরু করে শনিবার সন্ধ্যায় বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের ৫ কিলোমিটার দক্ষিণে দিগরাজ এলাকায় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। এই লংমার্চ শুরুর পরদিন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী আগামী ২২ অক্টোবর ভারতের সঙ্গে যৌথ এই প্রকল্পের ভিত্তি স্থাপনের কথা জানান।

 দীগরাজের জনসভায় জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ‘সুন্দরবন ঘোষণা’ পাঠ করেন। ঘোষণায় তিনি বলেন, ‘অবিলম্বে সুন্দরবন ধ্বংস করার চক্রান্ত সরকারকে বাদ দিতে হবে এবং সুন্দরবন রক্ষায় নীতিমালা প্রণয়ন করতে হবে।’

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সরকারের ঘোষণার বিষয়ে আনু মুহাম্মদ বলেন, ‘ভিত্তিপ্রস্তর জনগণ উপড়ে ফেলবে। আর প্রেসনোট দিয়ে মিথ্যাচার জনগণের কাছে উন্মোচিত করছে আপনাদের প্রতারণা আর মুক্তিযুদ্ধ ব্যবসার আসল চেহারা।’

১১ অক্টোবরের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা প্রত্যাহার না করলে ১২ অক্টোবর সুন্দরবন রক্ষায় নতুন কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানান আনু মুহাম্মদ।

জনসভায় বিভিন্ন বামদলের নেতারা বক্তব্য রাখেন। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বাগেরহাটে পৌঁছায় লংমার্চ। সেখানে পথসভা শেষে রামপালের উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চ। বাগেরহাট থেকে দীগরাজের পথে যাওয়ার সময় স্থানীয় জনগণ লংমার্চকে স্বাগত জানায়।

আরও পড়ুন

সর্বশেষ