ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিকল্প পথে সরকার ক্ষমতায় থাকার মেকানিজম তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই সংসদ বহাল রেখে, মন্ত্রীসভা রেখে নির্বাচন দিতে চায়। কোন অবস্থাতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হয় তাহলে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে অল কমিউনিটি ফোরাম আয়োজিত আয়োজিত বিভক্ত রাজনীতিতে মহাসংকটে দেশ অসাংবিধানিক শক্তির ক্ষমতা না অবাধ সুষ্ঠু নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান সরকার শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনি, পদ্মাসেতুতে যে পরিমাণ দুর্নীতি করছে আরো যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। দেশ ধ্বংস হয়ে যাবে।
প্রবীণ এই আইনজীবী বলেন, এই নির্বাচন কমিশন সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। যারা মনে করছে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তারা বোকার স্বর্গে বাস করছে। যে কমিশন বিএনএফ এর নিবন্ধন দিতে চায় যাদের সারা দেশে কোন কার্যক্রম নেই, কার্যালয় নেই সে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এসি রুমে বসে বক্তব্য দিলে এই হাসিনা সরকারের কাছ থেকে দাবি আধায় করা যানে না। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে।
তিনি বলেন, যুদ্ধের পর যদি সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকার গঠন করলে দেশের বিভক্তির রাজনীতির সৃষ্টি হতো না।শুধু আওয়ামী লীগের কিছু লোক নিয়ে সরকার গঠন না করলে ১৫ই আগস্টের সৃষ্টি হতো না। কিছু মানুষ আছে তারা মনে করে দেশ শুধু তাদের।
সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সংসদ সদস্য আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।




