আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের সমস্য দেখে বিদেশীদের উৎকণ্ঠা দেখে আমাদের ভালো লাগে। তবে এখানে বিদেশীদের মুরব্বিয়ানার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। তাই বিদেশিরা শুধু আমাদের বন্ধু, তারা আমাদের সমস্যা সমাধান করার কেউ নয়। আমি বিএনপিকে বলবো, বিদেশি সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা না করে চলুন সংসদে বসে আলোচনা করে সমস্যা সমাধান করি।
তিনি বলেন, অনেকে বলছে আওয়ামী লীগ এক দলীয় নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু আমরা সব দলের অংশগ্রহণে বহুদলীয় নির্বাচনের দিকেই এগুচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপি বলছে তারা নির্বাচন হতে দিবে না। আসলে নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী দলের হতাশা ততই বাড়ছে।
শেখ ইশিতিয়াক হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জাকির হোসেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।




