স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
২০২০ সালের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য সর্বমোট ৩২টি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে উয়েফা সেক্রেটারি জেনারেল গিয়ানি ইনফানটিনো নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৩টি ভিন্ন দেশে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত আগেই গৃহীত হয়েছিল।
আগ্রহী অ্যাসোসিয়েশনগুলোকে তাদের প্রেজেনটেশন আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের জন্য আগামী বছরের ২৫ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপর ওই বছরই সেপ্টেম্বরের মধ্যে উয়েফা কার্যনিবাহী কমিটি সিদ্ধান্ত নেবে কারা এই বিডের জন্য যোগ্য।
সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একটি শহরকে মনোনীত করা হবে। কোয়ার্টার ফাইনাল এবং তিনটি গ্রুপের ম্যাচ চারটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। আর শেষ ১৬ রাউন্ডের ম্যাচগুলোসহ তিনটি গ্রুপের ম্যাচ অপর আটটি শহরে অনুষ্ঠিত হবে। ইউক্রেন এবং পোল্যান্ডে যৌথভাবে আয়োজিত ২০১২ সালের সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশীপে ১৬টি দল অংশগ্রহণ করেছিল। ২০১৬ সালের ইউরো ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবং প্রথমবারের মতো ইউরোর মূল পর্বে ২৪টি দল খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রতিটি দেশই দুটি করে শহরের নাম বিডে দিতে পারবে। এর মধ্যে দু’টি প্যাকেজের মাধ্যমে আগ্রহী দেশগুলো বিড জমা দিতে পারবে। একটি শহরে গ্রুপ পর্বের ম্যাচগুলোসহ দ্বিতীয় রাউন্ড অথবা কোয়ার্টার ফাইনাল এবং দ্বিতীয় শহরটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য বিড করবে। তবে উভয় প্যাকেজের জন্য একটি শহরের নামও বিডে উপস্থাপনের সম্ভাবনাও রয়েছে।
এ সম্পর্কে উয়েফা সভাপাতি মিশেল প্লাতিনি বলেছেন, ‘বিডিং প্রক্রিয়ায় এত বেশি সংখ্যক আগ্রহী দেশের নাম দেখে আমরা সত্যিই গর্বিত। আমাদের সদস্য এসোসিয়েশনগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি ২০২০ ইউরো আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপিয়ান দেশগুলোর জন্য মূল পর্বটি সত্যিই দারুণ উৎসবের সুযোগ এনে দেয়। বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের জন্য এটি অত্যন্ত বড় একটি টুর্নামেন্ট।’
উয়েফার তালিকা অনুযায়ী ২০২০ ইউরো চ্যাম্পিয়নশীপ আয়োজনে আগ্রহী শহরগুলোর মধ্যে লন্ডন, গ্লাসগো, ডাবলিন, কার্ডিফ, বার্সেলোনা, মাদ্রিদ, বিলবাও, ভ্যালেন্সিয়া, মিউনিখ, রোম, আমস্টারডাম, লিওঁ, ব্রাসেলস, ইস্তাম্বুল এবং জেরুজালেম অন্যতম।




