দীর্ঘ দুই মাস ২২ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি হযরত আমানত শাহ (রা:) এর মাজার জেয়ারত করেন। এর আগে ২০১৮ সালের ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত এলাকা থেকে ডা. শাহাদাত হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের হয়েছে নগরীর বিভিন্ন থানায়। সবমিলিয়ে তার বিরুদ্ধে ৪৩ টি মামলা ছিল। ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়েছেন তিনি। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছুলে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয় বলে জানিয়েছেন নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
কারাগারে থাকা অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। মুক্তির পর ডা. শাহাদত বলেন, আইনের শাসন বলতে দেশে কিছু নেই। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। অথচ নতুন মন্ত্রিসভায় পুরোনো অনেককে বাদ দিয়েছে। কারণ তারা দুর্নীতি করেছিল। তার মানে প্রমাণিত হয়েছে, উন্নয়নের নামে দুর্নীতি করছে আওয়ামী লীগ।




