রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগোসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৮ জানুয়ারি রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-২ এর উপ-সহকরী পরিচালক মো. শরীফ উদ্দিন। মামলার আসামিরা হলেন-চৌধুরী আবু বক্কর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবু নাসের ইবনে কাশেম, সুমন চৌধুরী, মো. আকরাম হোসেন, মংনি মার্মা, দীনেশ কান্তি চাকমা, বটন দাশ, সৈয়দুল আলম ও কাজী আতাউর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে আবেদনের সাথে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর মিল না থাকা সত্ত্বেও নামজারি সম্পাদন অভিযোগ ও সহায়তার করার অভিযোগে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-২ এর উপ-সহকরী পরিচালক মো. শরীফ উদ্দিন। মামলাটি দুদক তদন্ত করবে বলেও জানান ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, ‘আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা পূর্বক ক্ষমতার অপব্যবহার করে ৪০৬৯/১৫ নং জমা ভাগ মূলে নামজারি সম্পাদনে কানুনগো দীনেশকান্তি চাকমা ও ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী আবেদনের সঙ্গে আবেদনকারীর ছবি ও সই মিল না থাকার পরেও নামজারি সম্পাদনে সহায়তা করেছেন।
এছাড়াও দলিলে বিএস দাগ ৩৩২৭ থাকলেও তার জায়গায় ৩৪২৭ লিখে নামজারিতে সহায়তা করার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আরেকটি টেম্পারিংকৃত দলিলের মাধ্যমে নামজারি মামলা ৩৫৮৮/১৭ সৃষ্টি এবং বিএস খতিয়ান নং-৮৯৭/১৭ তৈরি এবং ব্যবহার করে অপরাধ করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/১০৯ এবং ১৯৪৭ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।




