শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রংপুর-ঢাকা মহাসড়কে জামায়াত-শিবিরের তাণ্ডব

রংপুর-ঢাকা মহাসড়কে জামায়াত-শিবিরের তাণ্ডব

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াত-শিবির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল হরতালের শেষ দিকে রাতে রংপুর-ঢাকা মহাসড়কে জামায়াত-শিবির কর্মীরা তাণ্ডব চালিয়েছে। আকস্মিকভাবে রাত ১১টায় শিবিরের দু’শতাধিক সংঘবদ্ধ নেতাকর্মী রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানায় চম্পাগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকায় বিটিসি নামক স্থানে দুদিক থেকে আগত অর্ধশতাধিক বাস মিনিবাস ট্রাক ও প্রাইভেট কারে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আগত দূরপাল্লার শতশত ভারী যানবাহন মহাসড়কে আটকে পড়ে। ঘণ্টাব্যাপী এ অবস্থা চলতে থাকলে মহাসড়কে টহলরত পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা পিছু হটে এবং পরমুহূর্তেই পিকেটাররা একযোগে পুলিশের গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ পিছু হটে।  এ ঘটনা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহাম্মেদ, বিসার্কেল নাসের রিকাবদার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন। অপরদিকে গাইবান্ধার পুলিশ সুপার সংবাদ পেয়ে বিডিআরসহ অতিরিক্ত পুলিশ প্রেরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়।  এরপর রাত আড়াইটায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

সর্বশেষ