ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বৃহস্পতিবার রাতে মহানগরীর মেডিকেল মোড়ে ইন্টার্নি চিকিৎসকরা সড়ক দুর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজের এক চিকিৎসকের মৃত্যুর জের ধরে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইসতিয়াক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবরে হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রথমে তারা একত্রিত হয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে গাড়িতে ভাঙচুর করেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করতে চাইলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৪০তম ব্যাচের শিক্ষার্থী রাকিব, জিএম, সাখাওয়াদসহ কমপক্ষে ২০ মেডিকেল শিক্ষার্থী আহত হন। আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক ট্রাক চালকের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ প্রতিবাদে সকালে ক্যাম্পাসে মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। উল্লেখ্য, দুই দিন আগে পাগলাপীরে ট্রাকের চাপায় গুরুতর আহত হন ডা. ইশতিয়াক। অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় নিলে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।




