আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা আবদুস সুবহান (সুবহান মাওলানা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২ অক্টোবর অভিযোগের বিষয়ে শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছে। এ সময় ট্রাইব্যুনালে সুবহান হাজির ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য ১৯ সেপ্টেম্বর দিন ঠিক করে ট্রাইব্যুনাল। ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়। ১৪ সেপ্টেম্বর তদন্ত সংস্থা সুবহানের বিরুদ্ধে তদন্ত শেষ করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়।
একাত্তরে জামাতের পাবনা অঞ্চলের আমির ও মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন আব্দুস সুবহান। মাঠপর্যায়ে তার বিরুদ্ধে ওই সময় শান্তিকমিটি, আলবদর, রাজাকার বাহিনী গঠন করে নানারকম অপরাধ করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষী রয়েছেন।
গতবছরের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। দেড় বছর পর এসব অভিযোগের প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সুবহানের বিরুদ্ধে ৮ ধরনের অপরাধের বিভিন্ন ঘটনায় তথ্যপ্রমাণ আর সাক্ষ্যসহ ৯টি সুনির্দিষ্ট অভিযোগ পায় তদন্ত সংস্থা। গতবছরের ২০ সেপ্টেম্বর পাবনা একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকাদেশ দেয় ট্রাইব্যুনাল-১। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।




