বিএনপি-জামায়াত নয় নিজেদের ভেতরে থাকা ছদ্মবেশী শত্রু পক্ষই আওয়ামী লীগের জন্য আতঙ্কের কারণ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৮ আগস্ট দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে যুবলীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘আমাদের ছদ্মবেশী শত্রুপক্ষ আছে। এরাই বেশি সক্রিয়। এরাই গুজব সন্ত্রাস ছড়াচ্ছে। এরা সুশীলেও আছে মিডিয়াতেও আছে। এরা বিভিন্ন আখড়া থেকে বৈঠক করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সরকার হঠাতে চোরাগলির পথ বেছে নিয়েছে এই গোষ্ঠি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি খুন করেও খুনের বিচার চাইতে পারে। বিএনপি নেতাদের ২১ আগস্টের খুনের বিচার চাওয়াটা রাজনৈতিক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ২১ আগস্ট এর হত্যাকাণ্ড নিয়ে তারা (বিএনপি) নিষ্ঠুর তামাশা করছে। ১৫ আগস্ট এবং ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। এমন রাজনীতি আমরা ধিক্কার জানাই। এরাই সেই দল যারা দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে। ৭ ধারা বাতিল করে তারা দুর্নীতিবাজ পাগল মাতালকে দলে স্থান দিয়েছে।
এ সময় তিনি যুবলীগের উদ্দেশ্যে বলেন, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী কেন্দ্রগুলোতে কোনো বিশৃংঙ্খলা না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানাসহ অনেকেই।




