শোকাবহ আগস্ট ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ২৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় মাসব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন’ শীর্ষক সভা শেষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে মাসব্যাপী কার্যক্রম শুরু হবে।
কর্মসূচির মধ্যে থাকবে, ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল এবং দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হবে। ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
শাহে আলম মুরাদ বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয়ের সময় ধানমন্ডি ৩২, কেন্দ্রীয় কার্যালয় এবং সংগঠনের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালোপতাকা উত্তোলন করা হবে।
ওইদিন সকাল সাড়ে ৬টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে। দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হবে। পাশাপাশি সুবিধামত সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
সারাদেশে ২০০৫ সালের ১৬ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করবে। ২১ আগস্ট শ্রদ্ধা নিবেদন করবেন দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে দক্ষিণ আওয়ামী লীগ।




