সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়চার জেলায় র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জনের মৃত্যু

চার জেলায় র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে, নড়াইল, নারায়ণগঞ্জ ও নাটোরে র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজনের মৃত্যু হয়েছে। র‌্যাব ও পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে মৃতদের নামে বিভিন্ন থানায় মাদক বিক্রি ও ডাকাতি মামলা রয়েছে। ২৩ জুলাই রাত থেকে ২৪ জুলাই ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নড়াইল : নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাতের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। ২৩ জুলাই দিবাগত রাত ৩টার দিকে লোহাগড়ার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, উপজেলার কচুবাড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালান তারা। ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হন। পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান, (এএসআই) প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুরে সোমবার রাতে র‌্যাবের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি টহল দল সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে বের হয়। রাত দেড়টায় দিকে পাইকড়তলা-মোবারকপুর সড়কের মোহাম্মদপুর এলাকায় র‌্যাবের টহল দল পৌছলে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ একজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৪রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি হাসুয়া, ১টি লোহার রড উদ্ধার করা হয়ছে। এ ঘটনায় ২ র‌্যাব সদস্য আহত হয় তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি বলে জানায় র‌্যাব।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ আলমগীর নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই র‍্যাব সদস্য। ২৪ জুলাই ভোরে উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন জানান, র‌্যাাবের নিয়মিত অভিযানে ভোরে চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশ অভিযানে নামে র‌্যাব। এসময় ওঁৎ পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এসময় র‍্যাবের হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রেতা আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নাটোর : নাটোরের লালপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আহাদুল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। ২৩ জুলাই মধ্যরাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিজয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আহাদুল ইসলাম উপজেলার তিলকপুর গ্রামের মোমিন মন্ডলের ছেলে। র‌্যাব-৫ সিপিসি- ২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে টহল দেয়। লালপুর সড়কে পৌঁছালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মাদক ‍বিক্রেতারা। র‌্যাবও পাল্টা গুলি করে তাদের লক্ষ্য করে। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে আহত হন আহাদুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আহাদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ