বৃহত্তর চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসাসেবা এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ জুলাই দুপুরে নগরীর বিএমএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভা থেকে এই ঘোষণা দেয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি। সভা শেষে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সাধারন সম্পাদক ডা. লিয়াকত আলী সাংবাদিকদের এসব তথ্য জানান। কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের সেবাও বন্ধ থাকবে।
ডা. লিয়াকত আলী বলেন, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমান আদালতের অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বিভিন্ন সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা দেওয়া অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি অনুরোধও জানান তিনি।
যেসব রোগী এরই মধ্যে হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভর্তি আছেন মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান এই চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির এই সিদ্ধান্তে বিএমএ একাত্মতা জানিয়েছে। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ম্যাক্স হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে নিয়মিত অভিযান শুরু করে র্যাব।




