বাজারদরে ১৫ লাখ শেয়ার বেচে দেয়ার ঘোষণা দিয়েছেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. আমিন উদ্দিন। বর্তমানে তার হাতে ব্যাংকটির ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৯৬টি শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ কার্যদিবসের মধ্যে এ বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ২১ পয়সায়। লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৭ জুন বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত কুর্মিটোলা গলফ ক্লাবের বানকুয়েট হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে ব্যাংকটি। রেকর্ড ডেট ছিল ২২ মে।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৬ পয়সা ইপিএস দেখিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, আগের বছর একই সময়ে যা ছিল ১০ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৫৭ পয়সায়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সোস্যাল ইসলামী ব্যাংক। ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পান ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে সোস্যাল ইসলামী ব্যাংকের ঋণমান ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসইতে সর্বশেষ ১৬ টাকায় সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা ও সর্বনিম্ন ১৫ টাকা ৩০ পয়সা। সর্বশেষ এজিএমে অনুমোদিত নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৫ দশমিক ৩৫, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১১ দশমিক ৫৩।




