শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপগাজীপুরে ভোট জালিয়াতির মহোউৎসব চলছে : রিজভী

গাজীপুরে ভোট জালিয়াতির মহোউৎসব চলছে : রিজভী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে খবর পাওয়া যাচ্ছে তা মোটেই সুখবর নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৬ জুন সকাল সাড়ে ১১টায় গাজীপুরে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী অভিযোগ করে বলেন, ইতোমধ্যে শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।

নির্বাচন কমিশন (ইসি) কোনো কথাই রাখেনি জানিয়ে রিজভী বলেন, সিইসি বলেছিলেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। কিন্তু তিনি তার কথা রাখেননি। সরকারের পাতানো পথেই তিনি হাঁটছেন।

রিজভী বলেন, নির্বাচনে শতাধিক ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোউৎসব চলছে। বিএনপি এজেন্টদের নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে ২৫ জুন দিনগত রাত ৩ টায় তার গুলশানের বাসা থেকে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) আটক করে নিয়ে গেছে বলে জানান রিজভী।

রিজভী বলেন, দরজা ভেঙে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকেও হার মানিয়েছে। এ সময় তিনি মেজর মিজানকে আটক করার সময়ের ভিডিও চিত্র দেখান সাংবাদিকদের।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ