আলহাজ আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত পর্ষদের ৩২২তম সভায় সর্বসম্মতিক্রমে তারা আগামী দুই বছরের জন্য নিজ নিজ পদে পুনরায় নির্বাচিত হন।
চট্টগ্রামের অধিবাসী বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। তিনি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রিলায়েন্স ফিন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। এছাড়া তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান এবং বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত।
চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলহাজ মীর আহমেদ সওদাগরের পুত্র। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও সাদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। —বিজ্ঞপ্তি




