শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সেন্ট মেরীস স্কুলের পুনর্মিলনী উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। ১৯ ও ২১ জুন যথাক্রমে আলপনা উৎসব ও ফানুশ উৎসবশেষে ২২ জুন সকাল ৯টা থেকে শুরু হয় পুনর্মিলনী উৎসবের মূল আয়োজন। সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে প্রাক্তন বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে চেরাগী মোড় ঘুরে ফের স্কুলে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এছাড়া এময়ে অংশগ্রহণকারীদের মধ্যে সুভ্যেনির, গিফট এবং সকালের নাস্তা পরিবেশন করা হয়। পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণ করতে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আজকের দিনে আমার নার্সারির ক্লাস টিচারের কথা মনে পড়ে। উনি মায়ের মতো আদর করতেন। আমাদের শিক্ষকরা না থাকলে আমরা মানুষই হতাম না। তাদের অবদান কখনও ভোলার নয়। এসময় তিনি প্রাক্তন শিক্ষকদের ইতিহাস জেনে তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য বর্তমান শিক্ষকদের অনুরোধ জানান।
আয়োজক কমিটির আহ্বায়ক আজিজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী, সেন্ট মেরীস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার ম্যারি সংগীতা, নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) এসএম মোস্তাইন হোসাইন বিপিএম, চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ স্বপন, সহ-আহ্ববায়ক আশিক ইমরান ও সদস্য সচিব আবু বকর শাহেদ (শান)। পরে স্মৃতিচারণ পর্বে আবেগের রোমন্থন করেন সাবেকরা। প্রিয় স্কুল আঙ্গিনায় শৈশবের বন্ধুদের ফিরে পেয়ে আনন্দ মেতে উঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ কেউ শৈশবের স্মৃতিপটে হাতড়ে খুঁজে বেড়ান নিজেদের।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সেখানে বিকেলে কেক কেটে পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়। এছাড়াও স্কুল ডকুমেন্টারি প্রদর্শনী ও এক্স-মেরিয়ান্সদের সাংস্কৃতিক পরিবেশনাও উপস্থাপন করা হয়। সন্ধ্যায় ‘শিরোনামহীন’ ও ‘তীরন্দাজ’ ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এ প্রাণের মিলনমেলার। অনুষ্ঠানে প্রায় ১২০০ জনেরও বেশি সেন্ট মেরীয়ান একত্রিত হন। পুরো অনুষ্ঠানজুড়েই সেন্ট মেরীয়ান্সদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পূর্ণতা লাভ করে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, কো-স্পন্সর ইউসিবিএল ব্যাংক, এসোশিয়েট পার্টনার হিসেবে ছিল পি-টু-পি ফ্যামিলি।-বিজ্ঞপ্তি




