আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিরোধীদলীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, আমার কণ্ঠ নকল করে ইন্টারনেটে প্রচারিত টেলিফোন অডিও ক্লিপটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, সংসদে সরকারের অপকর্মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় সরকার ঈর্ষান্বিত হয়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই ক্লিপটি প্রচার করেছে।
সুপ্রিম কোর্টের মিডিয়া রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
গত তিন-চারদিন ধরে ফেসবুক ও ইউটিউবে সংসদ সদস্য পাপিয়ার নামে একটি টেলিফোন সংলাপের অডিও ক্লিপ প্রচার করা হয়। ওই অডিওতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়।
পাপিয়া বলেন, ‘ক্লিপটি যুক্তরাষ্ট থেকে ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করা হয়েছে। যা তথ্য-প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল কায়দায় সুপার ইমপোজ করে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার কণ্ঠ নকল করা হয়েছে। এই ক্লিপটি প্রচারে সরাসরি সরকার জড়িত। এই ধরনের ঘৃণ্য অপচেষ্টা থেকে সরকার বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বিগত সংসদ অধিবেশনে তারেক রহমানের পক্ষে জোরালো বক্তব্য রাখায় আমার বিরুদ্ধে সরকারের বিশেষ সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে মেতেছে। প্রতিনিয়ত আমাকে টেলিফোনে হুমকি, মিথ্যা পোস্টার ছাপানো, চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে হামলা চালানোসহ নানাবিধ অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েকদিন ধরে আমার নামে যে মিথ্যা অডিও ক্লিপটি ইন্টারনেটে ছাড়া হয়েছে তা দুঃখজনক এবং স্পষ্টতই মিথ্যা।’
পাপিয়া আরো বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের ত্যাগী নেতা-কর্মীদের চরিত্র হননের জন্যই এই ঘৃণ্য কাজটি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জাতীয়বাদী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




