শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসামশুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুদক

সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুদক

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই দফা তদন্ত শেষে সত্যতা না পাওয়ায় অভিযোগগুলো নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির বিষয়টি দুর্নীতি দমন কমিশন ঢাকার উপ-পরিচালক (অনুঃ ও তদন্ত-২) এ কে এম জায়েদ হোসেন খান চিঠি দিয়ে সংসদ সদস্যকে জানিয়েছেন। দুদকের পত্র প্রাপ্তির বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভুয়া অভিযোগকারী এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে চাল ও গম কেলেঙ্কারিসহ নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ২৭ ফেব্রুয়ারি দুদক এ বিষয়ে অনুসন্ধান করে। দুদকের চট্টগ্রাম উপ-পরিচালক ইকবাল হোসেন অভিযুক্ত প্রকল্পগুলোতে সরেজমিন অনুসন্ধান করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। ওইদিন তদন্তকারী কর্মকর্তা সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ধলঘাট, কেলিশহর, শোভনদন্ডী, আশিয়া, কাশিয়াইশ ও জিরি ইউনিয়নের অভিযুক্ত প্রকল্পগুলোতে একটানা অনুসন্ধান করেন। এ সময় প্রকল্প কমিটির নেতারা প্রকল্পের ব্যয় রশিদ এবং বাস্তবায়নকৃত প্রকল্পগুলো দেখান। অনুসন্ধানকালে কেউ দুর্নীতি বা অনিয়মের অভিযোগও প্রমাণ দিতে পারেননি।

অন্যদিকে দুদকে অভিযোগকারী আবুল কালাম জানান, তিনি দুদকে কোনো অভিযোগ করেননি। তিনি লেখাপড়া করেননি। দুদকে প্রেরিত অভিযোগে তার নাম-ঠিকানা ব্যবহার ও তার নামে করা স্বাক্ষর ভুয়া বলে জানান তিনি। দুদকে প্রেরিত অভিযোগে যেসব নলকূপ স্থাপন না করে আত্মসাতের অভিযোগ করা হয়েছিল, তদন্তকালে দুদক কর্মকর্তা সেসব নলকূপের অস্তিত্ব খুজে পান এবং কয়েকটি নলকূপ থেকে পানিও পান করেন।

দুদকের উপ-পরিচালক ইকবাল হোসেন ও সহকারী কমিশনার মোহাম্মদ শহিদুল্লার সমন্বয়ে গঠিত টিম তাদের প্রতিবেদনে সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে উল্লেখ করেন। পরে কমিশন দ্বিতীয়বারের মতো এ অভিযোগের তদন্ত করে। ওই তদন্ত দলও অনিয়মের সত্যতা পায়নি। এর প্রেক্ষিতে অভিযোগগুলো নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেয় কমিশন।

এ বিষয়ে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেন, সত্য সবসময় সত্য। যারা মিথ্যা অভিযোগ করে আমার ও দলের ক্ষতি করতে চেয়েছিল, আমি তাদের ক্ষতি চাই না। সত্য প্রকাশ পেয়েছে এবং জনগণ দেখেছে-এটাই যথেষ্ট।

আরও পড়ুন

সর্বশেষ