মাইক্রোবাসের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জবাই করা মরদেহের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একজন মাইক্রোবাস চালক। মাইক্রোবাস ছিনিয়ে নিতে না পেরে আবদুল হাকিম (৬০) নামে ওই চালককে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।৩০ নভেম্বর সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে এ চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবদুল হাকিম কুমিল্লা জেলার মুরাদপুরের নেয়ামতপুর এলাকার ছামির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি নগরীর লালদীঘি এলাকা থেকে ভাড়া নিয়ে কক্সবাজার যায়। পরে সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে রাতে ফেরার সময় কক্সবাজার-চট্টগ্রাম সড়ক থেকে যাত্রীবেশে কিছু ছিনতাইকারীরা গাড়িতে উঠে। মূলত মাইক্রোবাসটি ছিনিয়ে নিতে না পেরে মাইক্রোবাসের ভেতরে জবাই করে চালককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির পরনে আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিল। প্রথম দিকে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও মাইক্রোবাস চালকেরা ওই গাড়ির চালককে দেখে পরিচয় শনাক্ত করতে পেরেছে বলেও জানান তিনি।



