ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাস্তায় পথচারীদের আটকে দলবদ্ধভাবে ছিনতাই করার সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার গোপীনাথপুরের চৌকিগাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে চৌকিগাঠি এলাকায় এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করে মুখোশ পরিহিত সংঘবদ্ধ একদল ছিনতাইকারী। এ সময় ওই ব্যক্তির চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ছিনতাইকারী দলকে ঘিরে ফেলে। পরে গণপিটুনিতে দুজন ঘটনাস্থলেই নিহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




