বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, তিন বনদস্যু আটক

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, তিন বনদস্যু আটক

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ১০৭টি গুলি, চারটি ধারালো অস্ত্র, একটি মাছ ধরার ট্রলারসহ জাহাঙ্গীর বাহিনীর তিন বনদস্যুকে আটক করার দাবি করেছে কোস্টগার্ড। এ সময় অপহূত দুই জেলেকেও উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন আমির আলী (৩২), জব্বার (৩০) ও শাহজাহান (২৬)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার আজ বুধবার সকালে  দাবি করেন, গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার কাটেশ্বর খাল এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মহিউদ্দিন মজুমদারের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। কোস্টগাডের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের অন্তত ৩২টি গুলিবিনিময় হয়েছে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে। কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালান। জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহূত দুই জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যকেও আটক করা হয়। অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, দুটি শটগান, ১০৭টি বন্দুকের গুলি, চারটি ধারালো অস্ত্র ও একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ