চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে নগরীর ম্যাক্স হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটলে ১২ নভেম্বর ২০১৭ খ্রি. রবিবার, বিকেল ৩ টায় হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র বোরহান উদ্দিন চৌধুরী সালেহিন, জামাতা ডা. সেলিম আকতার চৌধুরী, মেয়ে লিজা সহ পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, মোরশেদ আকতার চৌধুরী, জহুরুল আলম জসিম, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরী, হেলাল উদ্দিন আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু সহ আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্টেডিয়ামের মূল ফটকের বাইরে অপেক্ষমান ছিলেন শত, শত নেতাকর্মী। তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এরপরও নেতাকর্মীদের ভিড়ে অ্যাম্বুলেন্স থেকে মহিউদ্দিনকে নামিয়ে স্ট্রেচারে করে হেলিকপ্টারে নিতে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে বাধ্য হন। এরপর মহিউদ্দিনের জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতারসহ কয়েকজন চিকিৎসক এবং আওয়ামী লীগ নেতারা মিলে মহিউদ্দিনকে হেলিকপ্টারে তুলে দেন।
মহিউদ্দিনকে যখন অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে শুইয়ে নামানো হয়, তখন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, মফিজুর রহমান, কাউন্সিলর নীলু নাগ, যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চুসহ কয়েকজন নেতা কান্নায় ভেঙে পড়েন। ছাত্রলীগের নেতাকর্মীরাও এসময় কাঁদতে থাকেন। এসময় সিনিয়র নেতারা তাদের সান্ত্বনা দেন।
সাবেক মেয়রকে ঢাকা প্রেরনের প্রাক্কালে মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সাবেক মেয়রের আরোগ্য কামনায় চট্টগ্রামবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেন।




