রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম শেখ ছামিদুল শেখ এ দিন ধার্য করেন। ফখরুলের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে জানান, আজ এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এ মামলায় ফখরুল ইসলাম আলমগীর আজ আদালতে হাজিরা দিয়েছেন বলেও জানান তাঁর আইনজীবী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি করে। পরবর্তী সময়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।




