হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিতলের তৈজসপত্রের ভাঙ্গারির ভেতর থেকে ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এর বাজার মূল্য ২৯ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারি কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টার্কিশ এয়ারলাইন্সের এর এক যাত্রীর নিকট থেকে ৬০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে থাকায় ভোর ৪ টা ৪৫ মিনিটে আসা সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারীর ভিত্তিতে ইতালির রোম থেকে আসা সালমান মুকুল নামে এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম এরপর তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তার ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙ্গারির ভিতর স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়।
পরে ভাঙ্গারির ভিতর বাদামী স্কচটেপ প্যাচাঁনো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙ্গা অংশ উদ্ধার করা হয়। যার মোট ওজন ৬০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের অলংকারের আনুমানিক বাজার মূল্য ২৯ লক্ষ টাকা। এ বিষয়ে আইনানুয়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।




