শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমহাসচিবের সাথে বৈঠকে খসরু-শাহাদাত বাকবিতণ্ডা

মহাসচিবের সাথে বৈঠকে খসরু-শাহাদাত বাকবিতণ্ডা

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগর ছাত্রদলের কমিটি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেনের সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের ঢাকার গুলশানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব ছাত্রদলের কমিটি নিয়ে খসরু-শাহাদাতের মতামত নিয়েছেন। দলের চেয়ারপারসনের কাছে তিনি তা তুলে ধরে এ বিষয়ে আগামীকাল শনিবার সিদ্ধান্ত নেবেন বলে তাদের জানিয়েছেন।
বৈঠকের বিষয়ে জানতে গতকাল রাত দেড়টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মোবাইলে যোগাযোগ করা হলে তাদের ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
একটি সূত্র জানায়, বৈঠকে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা নিয়ে খসরু-শাহাদাত পরস্পরকে দোষারোপ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডাও হয়। বৈঠকে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সুপ্রভাতকে বলেন,‘ বৈঠকে আমরা চার নেতা ছাত্রদলের কমিটির বিষয়ে মতামত দিয়েছি। মহাসচিব গুরুত্ব সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি চেয়ারপারসনের কাছে এসব বিষয় তুলে ধরবেন এবং আগামীকাল শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।’
খসরু-শাহাদাতের বাকবিতণ্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘ বাকবিতণ্ডা তো একটু হবে। মহাসচিব মূলত বৈঠকটা করেছেন সবার মতামত-অভিযোগ শোনার জন্য। আর এখানে তো এটা হওয়াটাই স্বাভাবিক।’
গতকাল রাত ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
প্রসঙ্গত, নগর ছাত্রদলের কমিটি নিয়ে নগর বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অসন্তোষ-বিরোধ সৃষ্টি হওয়ায় চেয়ারপারসনের নির্দেশে মির্জা ফখরুল তাদের নিয়ে এই বৈঠকে বসেন।

আরও পড়ুন

সর্বশেষ