ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ১৬ মাস পূর্ণ হয়েছে। নিখোঁজের পর থেকে তার সন্ধান দিতে শুরু হওয়া আন্দোলন মাঝেমধ্যে গতি হারালেও পরে তা জোরালোভাবে শুরু হয়। পুলিশি ধরপাকড়, মামলাসহ বিভিন্ন কারণে গত মাস দুয়েক থেকে অনেকটা গতিহীন হয়ে পড়ে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে চলমান আন্দোলন। ১৬ মাস পূর্তির দিন গতকাল ইলিয়াস অনুসারীরা আবারও আন্দোলন চাঙ্গা করার ঘোষণা দেন। আর এর অংশ হিসেবে আগামী ২৯ আগস্ট সিলেট জেলা ও মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
গতকাল দুপুরে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট নগরীতে মিছিল-সমাবেশ করেন তার অনুসারীরা। সমাবেশে জানানো হয়, হরতাল শেষে ইলিয়াস আলীর সন্ধান পাওয়ার আগ পর্যন্ত লাগাতার আরও কর্মসূচি ঘোষণা করা হবে। দুপুরে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, তাঁতি দল, ওলামা দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্স থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলপরবর্তী সমাবেশে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি শেখ মকন মিয়া। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল আহাদ খান জামালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গাফফার এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
প্রসঙ্গত, বিএনপি নেতা এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নিখোঁজ হন। তারপর থেকে তাকে বহনকারী গাড়ির চালককেও পাওয়া যায়নি। তবে দুটি মোবাইল ফোনসহ গাড়িটি রাস্তায় পড়ে ছিল। নিখোঁজ হওয়ার পর ইলিয়াস আলীর মোবাইল ফোন থেকে বিভিন্ন ব্যক্তির ফোনে কল করা হয়। এই ফোন আসাকে কেন্দ্র করে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন ইলিয়াস আলীকে যারা গুম করেছে, তারা এসব ফোনকলের মাধ্যমে জানাচ্ছে, তিনি বেঁচে আছেন। তবে কোথা থেকে কে বা কারা ইলিয়াস আলীর ফোন ব্যবহার করছে তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার ইলিয়াস আলীর সহোদর আসকির আলী লন্ডনে একটি লাইভ টেলিভিশন শোতে দাবি করেন, ইলিয়াস ভারতের দমদম কারাগারে বন্দি রয়েছেন। এ নিয়ে সিলেটে ইলিয়াস আলীর অনুসারীদের মধ্যে চাঙ্গাভাব ফিরে আসে।




