আশুলিয়ার ভাদাইল এলাকায় পাঁটটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। প্রথমে ভাদাইল পবনার টেক এলাকার মতিন মিয়ার ঝুটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছতে পৌঁছতে আরও চারটি ঝুটের গুদাম পুড়ে যায়। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে প্রায় আড়াই ঘণ্টা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুস সামাদ আজাদ আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভাদাইল পবনার টেক এলাকার মতিন মিয়ার ঝুটের গুডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের আরও কয়েকটি টিনশেড ঝুটের গুডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার-আশুলিয়া, ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। টানা আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।




