ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন চার দিনের সফরে বুধবার রাতে ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওআইসির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিবৃতিতে আরো বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে। এ ছাড়াও মহাসচিব আল-ওথাইমিন শুক্রবার কক্সবাজারের কুতুপালং ও আশেপাশের রাখাইন ক্যাম্প পরিদর্শন করবেন এবং রাখাইন মুসলমানদের সঙ্গে কথা বলবেন।



