আদালতের নির্দেশে মত এক ব্যক্তির ভূমি খতিয়ান হিসেবে চিহ্নিত না করায় ভূমি সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভূমি সচিব ছাড়া রুলে অন্য বিবাদীরা হলেন- লালমনিরহাট জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম। আইনজীবী বাদল বলেন, এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০০৯ সালের ১২ নভেম্বর হাই কোর্ট লালমনিরহাটের তেলীপাড়া মৌজার ৩৫.৫২ একর জমির নতুন করে খতিয়ান করতে বলেন তিন মাসের মধ্যে। রিট আবেদনকারী ছিলেন ৬৩ জন। তাদের মধ্যে ১.৬২ একর জমি আব্দুল মজিদের।
আদালতের নির্দেশ সংশ্লিষ্টরা তা প্রতিপালন না করায় আদালতের নির্দেশ বাস্তবায়ন চেয়ে আইনি নোটিস পাঠানো হয়। সংশ্লিষ্টরা এর জবাব দিলেও তা গ্রহণযোগ্য মনে না হওয়ায় সোমবার আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন আবদুল মজিদ। সে আবেদনের শুনানি নিয়েই আদালত আজ রুল জারি করেছেন।




