শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সদরঘাটেও ভোগান্তি, হয়রানি

সদরঘাটেও ভোগান্তি, হয়রানি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে লঞ্চযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। যাত্রীদের অভিযোগ, লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালপত্র বহন করা হচ্ছে। ভাড়াও বেশি নেওয়া হচ্ছে।

বরিশাল থেকে আসা সুন্দরবন-৮ লঞ্চের যাত্রী মো. একরামউল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ওঠার সময় লঞ্চের লোকজন মাইকে ঘোষণা দিয়ে ডেকের ভাড়া চেয়েছিলেন ২৫০ টাকা। লঞ্চটি টার্মিনাল ছেড়ে মাঝপথে যাওয়ার পর লঞ্চের কর্মচারীরা ২৮০ টাকা ভাড়া দাবি করেন।

কোকো-৩ লঞ্চের যাত্রী মো. হারিছ মোল্লা জানান, ‘ডাবল কেবিনের ভাড়া চেয়েছিল দুই হাজার টাকা। অথচ রমজান মাসের প্রথম সপ্তাহে যখন ঢাকা থেকে ভোলা গিয়েছিলাম, তখন ভাড়া নিয়েছিল ১৪০০ টাকা। শেষে ১৮০০ টাকায় রফাদফা করে ঢাকায় এসেছি।’ ভেদেরগঞ্জ থেকে আসা রিয়াজ-২ লঞ্চের যাত্রী আ. সাত্তার ঢালী জানান, ‘ভেদেরগঞ্জ সদর থেকে দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আমাদের এলাকায় লঞ্চ টার্মিনালে আসি। সেখানে লঞ্চের মালামাল নিয়ে ওঠার সময় টার্মিনালে কুলি ও নৌশ্রমিকেরা মালপত্রের জন্য ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাবি করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে হয়রানিতে পড়তে হবে, তাই কোনোমতে টাকা পরিশোধ করে চলে এসেছি।’

তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, লঞ্চের ভাড়া বেশি আদায়ের অভিযোগ সঠিক নয়। বরং সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে কম আদায় করা হচ্ছে।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম বলেন, ঈদে ফেরা লঞ্চযাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা তত্পর রয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চের যাত্রীরা সাধারণ টার্মিনালে অবস্থান করে না। তারা লঞ্চ থেকে সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মৌসুম মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, ‘৩ আগস্ট থেকে টার্মিনাল এলাকায় যানজট নিরসনে এবং যাত্রী হয়রানি বন্ধের জন্য পুলিশ কাজ করছে। বিষয়গুলো তদারকি করার জন্য প্রতিদিন পালাক্রমে তিনজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রম ১৮ আগস্ট পর্যন্ত চলবে।’ তিনি আরও বলেন, টার্মিনালে কোনো অনিয়ম বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পুলিশ তত্পর রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ