ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
যাওয়ার মতো ফেরার পথেও ফেরি ঘাট ও মহাসড়কে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
যানবাহনের বাড়তি চাপের কারণে শুক্রবার দিনভর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটে নাকাল হয়েছেন কর্মস্থলমুখি মানুষ।
শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরি ও লঞ্চ কর্তৃপক্ষ বাড়তি যানবাহন এবং যাত্রী পারাপারে হিমশিম খায়। ফেরি ও লঞ্চে যায়গা না পেয়ে জীবনের ঝুকি নিয়ে ইঞ্জিন চালিত ট্টলারে করে নদী পার হয় অনেক যাত্রী।
এক সঙ্গে বিপুল সংখ্যক যাত্রীর কারণে পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে তীব্র পরিবহন সংকট। ঘাট থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি বাস ও এর ছাদে তিল ধারনের ঠাঁই ছিল না। ট্টাক ও পিকআপ ভ্যানেও গাদাগাদি করে ফিরছে মানুষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম এস এম শাহাদত হোসেন জানান, শনিবার থেকে গার্মেন্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্ম দিবস শুরু হবে। এ কারণে ঘাটে জনস্রোত শুরু হয়েছে। তবে শনিবারের মধ্যে যাত্রী চাপ কমে যাবে বলে আশা করেন তিনি।
এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী, টেপড়া, বরংগাইল, বানিয়াজুরি, তরা টোল প্লাজা, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, নয়াডিঙ্গী, ধামরাই ও ইসলামপুর, নবীনগর ও সাভারসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ও বাঁকের স্পিড ব্রেকার গুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এসব পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন মাঝে মধ্যে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃৃত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।




