মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর থানার মো. আকমল আলী তালুকদারসহ (৭৬) চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সাক্ষ্য গ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সুবহান তরফদার। গত ১৭ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের জন্য ৭ মে দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এ মামলার অন্য তিন আসামি হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার আবদুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আবদুল মোছাব্বির মিয়া। এর মধ্যে মো. আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক। গত বছরের ৩০ মে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ২৩ মার্চ তাঁদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে তা২দের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ছয়জনকে ধর্ষণ, সাতজনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।



