পহেলা বৈশাখকে সামনে রেখে গত কয়েকদিন ধরে নগরীর বাদশা মিঞা সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রবেশমুখের দেয়ালে আঁকা বাংলার বিভিন্ন ঐতিহ্যের চিত্র মবিল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। চকবাজার থানা সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত একটার দিকে দুটি মোটরসাইকেলে করে ৬/৭ জন ঘটনাস্থলে এসে মবিলের মতো কিছু একটা ছিটিয়ে পালিয়ে যায়। এর ফলে দেয়ালচিত্রগুলো নষ্ট হয়ে গেছে। এর আগে বেশ কয়েকদিন ধরে প্রতি বছরের মতো ইনস্টিটিউটের প্রবেশমুখের সড়কের বিপরীতের পাহাড়ের সঙ্গে লাগোয়া দেয়ালে বাংলার এতিহ্যর নানা চিত্র আঁকার কাজ করছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১২টায়ও তারা এই দেয়ালচিত্র অঙ্কন করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা এসে সেই দেয়ালচিত্রে মবিল ঢেলে চলে যান। তবে এখন পর্যন্ত কারা এ কাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছেন। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।



