একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- আফতাবের গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, রাজু মুন্সি, রাসেল ও হাবিব হাওলাদার। অপর আসামি সবুজ খানকে ৭ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে রাজু ও রাসেল পলাতক। বাকিরা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ২৮ মার্চ ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২০ মার্চ যুক্তিতর্ক শেষে ২৮ মার্চ রায়ের দিন ধার্য করেন করেন ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ১৫ জুলাই মামলার ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আফতাবকে তার রামপুরার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২৫ ডিসেম্বর সকালে আফতাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে ২০১৪ সালের ২৫ মার্চ ৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় র্যাব।



