ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় দাঁড়ানো ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। ২২ মার্চ ভোরে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিলো। এ সময় ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্টো উ ১১-৩৮৭৫) দাঁড়ানো ট্রাকটির পেছন দিকে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও হেলপার কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের ছেলে শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলেই মারা যায়। নিহত ট্রাক চালক, হেলপার ও দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওসি।



