বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপসাতক্ষীরার বাকি রাজাকার গ্রেপ্তার

সাতক্ষীরার বাকি রাজাকার গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার ‘রাজাকার’ আবদুল্লাহেল বাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটি গ্রামের বাড়ি থেকে বাকিকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে যায় পুলিশ। আজ রোববার বাকিকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে। গত শুক্রবার দুপুর থেকে পুলিশ তাঁর বাড়ি ঘিরে তাঁকে নজরদারির মধ্যে রাখে। শারীরিকভাবে অসুস্থ ১০৪ বছর বয়সের (পরিবারের তথ্য অনুযায়ী জন্ম ১৯১৩ সালে) আবদুল্লাহেল বাকিকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন।

পুলিশ জানায়, গত ৮ মার্চ ট্রাইব্যুনাল তিনিসহ চার রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাঁদের মধ্যে রাজাকার মওলানা আবদুল খালেক আগে থেকেই কারাগারে রয়েছেন। অপর দুজন হলেন খান রোকনুজ্জামান ও জহুরুল ইসলাম। তাঁরা দুজন পলাতক। তাঁদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাতটি হত্যা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল্লাহেল বাকির  বিরুদ্ধে হত্যা ছাড়াও শহরের স্টার ডায়মন্ড হোটেল এবং মাহমুদপুর স্কুলে তাঁর নেতৃত্বে টর্চারিং সেল ও কিলিং সেন্টার পরিচালনার অভিযোগ আছে। এ দুই স্থানে বাঙালি যুবক, বিশেষ করে আওয়ামী লীগ কর্মী সমর্থক, মুক্তিযোদ্ধা এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ধরে এনে টর্চারিং করা হতো। পরে তাঁদের হত্যা করে বাঁকাল খাল, বেনেরপোতা কিংবা মাহমুদপুরের ডোবায় ফেলে দেওয়া হতো। নির্যাতনে বাকি এতটাই নিষ্ঠুর ছিলেন যে তাঁকে বলা হতো মেজর বাকি। সে সময় তাঁর নাম শুনলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠতেন। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগের তদন্তও সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ