বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমুদ্র সহযোগিতা জোরদারে আইওআরএ নেতাদের আত্মনিবেদিত হওয়ার শেখ হাসিনার আহ্বান

সমুদ্র সহযোগিতা জোরদারে আইওআরএ নেতাদের আত্মনিবেদিত হওয়ার শেখ হাসিনার আহ্বান

ভারত মহাসাগরীয় অঞ্চলকে আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে সামুদ্রিক সহযোগিতা জোরদারে এ অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) নেতাদের আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ অঞ্চলের উন্নয়নে দক্ষ নাবিক তৈরিতে ইন্ডিয়ান ওশান টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইউনিভার্সিটি নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও প্রস্তাব করেছেন।
৭ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে লিডার সামিটে‍ ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদার’ বিষয়ক এক সাধারণ বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতা করছিলেন। শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য সাগর ও মহাসাগরের সুযোগ-সম্পদ কাজে লাগিয়ে উন্নয়নের সড়ক ধরে এগিয়ে যাওয়া। এটা এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে সমৃদ্ধ দেশে রূপান্তরের বৃহৎ প্রচেষ্টারই অংশ। আসুন আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগর গড়ে তোলার লক্ষ্যে সামুদ্রিক সহযোগিতা আরও জোরদারে নিজেদের নিবেদিত করি…। আসুন একসঙ্গে তরী ভাসাই।

নাবিক ও সমুদ্রখাতের অন্যান্য কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, দক্ষতা এবং কাজের প্রতি একাগ্রতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত নাবিক ও নৌ-প্রকৌশলীরা অনেক সময় একেবারেই অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জের সম্মুখীন হন। এ বিষয়ে বিশ্বনেতাদের সজাগ থাকতে হবে এবং তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা এ অঞ্চলের জন্য দক্ষ নাবিক বাহিনী গড়ে তুলতে বাংলাদেশে একটি ভারত মহাসাগরীয় প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আহ্বান জানান বিশ্বমঞ্চে।

আরও পড়ুন

সর্বশেষ