ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে দস্যুরা। এ সময় ২ জেলেকে গুলি ও ৫ জনকে অপহরণ করে নিয়ে যায় তারা। ১৯ আগস্ট ভোরে মনপুরার অদূরে মেঘনা নদীর জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মনির ও সালাউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপহৃতরা হলেন, নেছার মাঝি, খোরশেদ, ফারুক, জাহাঙ্গীর ও জাফর। তাদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক গ্রামে। পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, ভোরে জাগলার চর এলাকায় মাছ শিকারকালে জেলেদের একটি ট্রলার ঘিরে ফেলে দস্যুরা। পরে ট্রলারে হামলা করে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় দস্যুদের গুলিতে দুই জেলে আহত হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, জেলেরা মনপুরার হলেও ডাকাতির ঘটনা ঘটেছে হাতিয়া সীমানায়। তবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।



